রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় রোববারও প্রতিবাদ সমাবেশ করেছেন রংপুরের সাংবাদিকরা।
পেশাগত দায়িত্ব পালনের সময় শনিবার সকাল ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল ৭১ এর রংপুর অফিস প্রধান বায়েজিদ আহাম্মেদ ও আরটিভির রংপুর অফিসের ক্যামেরাম্যান মওদুদ আহমেদ ডালিম। ওই সময় তাদের আহত করার পাশাপাশি ক্যামেরা ও ডিভাইস ভাঙচুর করা হয়।
৭১ টিভির রংপুর অফিস কার্যালয়ে রোববার দুপুরে প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলের মধ্যে ক্ষতিগ্রস্ত ক্যামেরা ও ডিভাইস প্রদান এবং দায়ী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে মঙ্গলবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ এবং পরে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
রংপুরের প্রবীণ সাংবাদিক ও দৈনিক দাবানল’র সম্পাদক খন্দকার গোলাম মোস্তফা বাটুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট টিভির রংপুর প্রতিনিধি আব্দুস শাহেদ মন্টু, দৈনিক যুগের আলো’র বার্তা সম্পাদক আবু তালেব, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মানিক সরকার মানিক, অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের রংপুর অফিস প্রধান সুশান্ত ভৌমিক, ইটিভির বিভাগীয় প্রধান ও সংবাদ প্রতিনিধি লিয়াকত আলী, রিপোর্টার্স ক্লাব সভাপতি সালেকুজ্জামান সালেক ও সম্পাদক মোজাফ্ফর হোসেন, নয়াদিগন্তের রংপুর অফিস প্রধান মাজহারুল মান্নান, এফএনএস’র প্রতিনিধি মোমিনুল ইসলাম রিপন, চ্যানেল ২৪ এর রংপুর অফিস প্রধান জুয়েল, বাংলাভিশনের রংপুর প্রতিনিধি জয়নাল আবেদীন, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর অফিস প্রধান মাহবুবুল ইসলাম, যুগান্তর রংপুর অফিস প্রধান মাহবুব রহমান, বাংলানিউজ ও করতোয়া প্রতিনিধি সাজ্জাত হোসেন বাপ্পী প্রমুখ।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে ৭১ টিভির রংপুর অফিস প্রধান বায়েজিদ আহাম্মেদ ও আরটিভির ক্যামেরাম্যান ডালিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালন করতে যান। সে সময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তাদের ছবি তুলতে বাধা দেন। তারা প্রতিবাদ করলে ওই ওয়ার্ডের কয়েক ইন্টার্ন চিকিৎসক ৭১ টিভির সাংবাদিক বায়েজিদকে মারধর করে একটি কক্ষে আটকে রাখেন। আরটিভির ক্যামেরাম্যান ডালিম সেখানে গেলে তাকেও মারপিট করা হয়।
জেএ





