সিরিয়ায় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন আলজাজিরার সাংবাদিক মাহরান আল দেরি। বুধবার দারা প্রদেশের আল শেখ মাসকিন এলাকায় এ ঘটনা ঘটে।

আলজাজিরার গণমাধ্যম বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত মাহরান সংবাদমাধ্যমটির আরবি বিভাগে কাজ করতেন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুধবার উল্লিখিত এলাকায় সরকারি বাহিনীর গুলির সংবাদ সংগ্রহ করতে গেলে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

উল্লেখ্য, আল মাসকিন সেই এলাকা যেখানে তিন দিন আগেও সরকারি বাহিনীর গুলিতে স্থানীয় তিন সাংবাদিক নিহত হন। তারা বিরোধী মতের ওরিয়েন্ট নিউজের সাংবাদিক ছিলেন।

আলজাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সুয়াগ বলেন, ‘আমাদের শহীদ হওয়া সহকর্মী মাহরান আল দেরি এক বছর থেকে আলজাজিরা ডটনেটে কাজ করছিলেন। সিরিয়ায় গৃহযুদ্ধের খবর সংগ্রহে তিনি বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন।’

তিনি বলেন, ‘সাংবাদিকদের টার্গেট করলেও আমাদের প্রতিশ্রুতি থেকে কেউ সরাতে পারবে না।’ সূত্র : আলজাজিরা।

কেএইচ