গাজীপুরের শ্রীপুরে দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হাসানের ওপর হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ জামান রুবেল ও তার সহযোগীরা।
রোববার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসে এ হামলার ঘটনা ঘটে।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে সম্প্রতি দালালদের তৎপরতায় সাধারন মানুষ হয়রানির শিকার হচ্ছে-গ্রাহকদের এমন অভিযোগ তুলে ধরে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই সন্ত্রাসী ও সঙ্গবদ্ধ দালাল চক্র সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।
রোববার সকাল ১১ টার দিকে আনোয়ার হাসান তার একটি ব্যক্তিগত মিটারের সংযোগের জন্য ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসে যায়। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাজ্জাদ জামান রুবেল তার অনুসারী সজিবসহ ৭-৮ জনের সন্ত্রাসী দল ওই সাংবাদিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে তাকে টেনে হেচড়ে পার্শ্ববর্তী ড্রেনে ফেলে দিতে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় আনোয়ার হাসান শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সংবাদ পাওয়ার পর পরই সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযানসহ মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এআই





