বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক একে জহিরুল হক রানা’র মা মরিয়ম জোহরা বেগম শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) বুধবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার কাশিপুরোস্থ গরিয়ার পাড় জামতলা মসজিদে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মরিয়ম জোহরা বেগমের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমার পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মরহুম মাসুদ নিজামীরও মাতা।
মরহুমার পারিবারিক সূত্র জানায়, তিনি গত সোমবার বেলা ৩টায় নগরীর কাশিপুর তার বড় মেয়ের বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে বুধবার শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় এবং এখানে বিকেল ৫টায় তিনি ইন্তেকাল করেন। মরহুমার নিজ বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোয়াল ভাওর গ্রামে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংগঠনের সদস্য একে জহিরুল হক রানা’র মাতা মরিয়ম জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মরিয়ম জোহরা বেগম-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বরিশাল প্রেসক্লাব, বিআরইউ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামছুল আলম চুন্নু প্রমুখ।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





