বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় “সব জঙ্গী মিশছে আইএসে” শিরোনামে আজ ১ জুন প্রকাশিত প্রতিবেদনে “জামায়াত-শিবিরের কিছু সদস্য সিরিয়া এবং ইরাকের যুদ্ধে অংশগ্রহণের পর দেশে ফিরে এসে খিলাফত প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ” মর্মে যে তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশিত উল্লেখিত প্রতিবেদনটি ভিত্তিহীন ও মিথ্যা। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সদস্যের সিরিয়া এবং ইরাক যুদ্ধে অংশগ্রহণ করতে যাওয়ার প্রশ্নই আসে না। যুদ্ধে অংশগ্রহণ করে তাদের দেশে ফিরে আসার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্য করার হীন রাজনৈতিক উদ্দেশ্যেই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এ মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।

তিনি আরও বরেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।

এমকে