[b]ঢাকা:[/b] নিজেদের অপকর্ম ঢাকতেই বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী মতের সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার হরণ করে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বৃহস্পতিবার রাত বারোটায় বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্কাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের ক্ষমতায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করার দুর্বিনীত কর্মকান্ডের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশের অপরাধে দৈনিক ইনকিলাব পত্রিকার ছাপাকানা সিলগালা এবং বার্তা সম্পাদকসহ চারজন পেশাদার সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অতীতে যেমন আওয়ামী লীগ সরকার নিজেদের পছন্দের চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যা করেছিল, ঠিক একই কায়দায় বর্তমান সরকারও দেশের যেসব প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সরকারের ব্যর্থতা ও অপকর্মের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে ক্রমান্বয়ে তাদেরকে বন্ধ করে দিচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়ে শাসক দল সরকারি ক্ষমতার অপব্যবহার করে দেশব্যাপী তান্ডবের বিভৎসতা চালাচ্ছে। আওয়ামী লীগ মতপ্রকাশের স্বাধীনতাকে কখনোই পছন্দ করেনা। তাই স্বাধীন সাংবাদিকতা আওয়ামী লীগের চক্ষুশুল।
তিনি বলেন, বিরোধী মতামতকে গলাটিপে ক্ষমতায় চিরস্থায়ীভাবে আসন গেড়ে বসার বাসনা আওয়ামী শাসনের ঐতিহ্য। তবে তাদের গণবিরোধী অনৈতিক দুঃশাসন সবসময় মুখ থুবড়ে পড়েছে।
মির্জা আলমগীর বলেন, সরকারের অপকীর্তি ও দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার দেশের লেখক, কলামিষ্ট, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তবুদ্ধির গুনীজনদের ওপর আক্রমনণ, মামলা দায়ের ও হুমকি আওয়ামী শাসনামলে এতটাই বিপজ্জ্বনক আকার ধারণ করেছে যে, তাতে বাংলাদেশে স্বাধীন মতপ্রকাশের কোন নিরপেক্ষ ব্যক্তিরই জীবনের নিরাপত্তা নেই।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ছাপাখানা বন্ধ এবং বার্তা সম্পাদক সহ সংশ্লিষ্ট চারজন সাংবাদিককে গ্রেফতারের ঘটনাকে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর এক চরম নির্যাতন আখ্যা দিয়ে অবিলম্বে ছাপাখানা খুলে দিয়ে গ্রেফতারকৃতদের মুক্তির জোর দাবি জানান।
এর আগে বিভিন্ন অজুহাতে সরকার কর্তৃক অন্যায়ভাবে বন্ধকৃত সকল সংবাদ মাধ্যম খুলে দেওয়ারও জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যম
অপকর্ম ঢাকতেই দৈনিক ইনকিলাব ছাপাখানায় সিলগালা: ফখরুল
ঢাকা: নিজেদের অপকর্ম ঢাকতেই বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বিরোধী মত সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





