শনিবার (২৯ আগস্ট) সকালে কাপাসিয়ার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় গরুর ঘাস কাটা নিয়ে নিলয় সরকার ও তার চাচাতো ভাই রাসেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঝগড়ার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিলয়ের ওপর হামলা করেন রাসেল। আব্দুর রশিদ এতিমখানার পাশের পাকা সড়কে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লোকজন জঙ্গলের ভেতরে একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে, কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের একটি ঘাটে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

একই দিনে গাজীপুরের দুই উপজেলায় তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পৃথক ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করছে পুলিশ।

এস