শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। এ ছাড়া কারখানাটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না।

আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়ায় অসুস্থ ৬৯ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমএম