শুক্রবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৪ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এসময় সালাউদ্দীন তানভীর ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জানা গেছে, জাতীয় পদযাত্রা উপলক্ষে সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপরে গাজী সালাউদ্দীন তানভীরের ছবিসংবলিত একটি বড় আকারের ব্যানার টানানো ছিল। তানভীর ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন—এমন অভিযোগে বিকেলের দিকে স্থানীয় ৭-৮ জন জুলাই যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মার্কেটের সামনে জড়ো হন। পরে তারা মার্কেটের ছাদে উঠে ব্যানারটি খুলে নিচে নামিয়ে আনেন।

একপর্যায়ে তারা ব্যানারে থাকা তানভীরের ছবিতে জুতা পেটা করেন এবং শহরের সাতমাথার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ব্যানারটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তানভীরের বিরুদ্ধে নানা রকম প্রতিবাদের স্লোগান দেওয়া হয়।

এসময় সরকারি শাহ্ সুলতান কলেজের সাবেক ছাত্রনেতা আল মামুন বলেন, এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর নিজের দুর্নীতি আড়াল করতে এবং আলোচনায় আসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জনসম্মুখে ক্ষমা না চাইলে আজকে তার ব্যানার পুড়িয়েছি ও জুতাপেটা করেছি। আগামীতে তাকে বগুড়ায় আর প্রবেশ করতে দেওয়া হবে না।

একই সমাবেশ থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকেও বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন উপস্থিত বিক্ষোভকারীরা। পরে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এমএম