আজ বুধবার (১৫ জুলাই) প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর বর্তমান পরিস্থিতি এবং স্বল্পমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে তিস্তা নদীর গাইবান্ধার তারাপুর পয়েন্ট, কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বর্ষণের কারণে এসব নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলার মনু নদী এবং হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি সতর্কসীমা স্পর্শ বা অতিক্রম করতে পারে। এর ফলে দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় সড়ক সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী উজান এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সংশ্লিষ্ট নদীগুলোর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় সতর্কবার্তা জারি করা হবে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদেরও সর্বশেষ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এমএম