মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে মনু নদ, ধলাই নদী, জুড়ি নদীসহ কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ৩টায় মনু নদের রেলওয়ে ব্রিজে পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার, মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে পানি ৮০ সেন্টিমিটার উপর দিয়ে এবং ধলাই নদী রেলওয়ে ব্রিজে পানি ১৭০ সেন্টিমিটার কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার ও জুড়ি নদীর পানি ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদের বাঁধে ভাঙন দেখা দেয়। পরে গভীর রাতে আকুয়া এলাকার প্রতিরক্ষা রিং বাঁধও ভেঙে যায়। এতে আকুয়া, হরিপাশা, উজিরপুর, সৈয়দনগর, আদিনাবাদসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়।
বন্যার পানিতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তারাপাশা-টেংরা সড়ক এবং তারাপাশা বাজারের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদের পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।
এস