বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

এ ঘটনায় উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, পুশইনের খবর পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও কড়া পাহারায় নিয়োজিত থাকি। বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা কোনোভাবেই তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেননি।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় এবং বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিলেন। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যাচ্ছে না। সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।

এনএইচ