logo
Search

সারাদেশ

‘আওয়ামী মাফিয়াগোষ্ঠী দেশকে ধ্বংস করেছে’ : স্পিকার

‘আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে’—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে নেওয়া হয়েছে এবং ‘আয়নাঘর’ নামে টর্চার সেল তৈরি করে নিরীহ মানুষকে নির্যাতন করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি আওয়ামী লীগের শাসনামল নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

স্পিকার বলেন, জামায়াত নেতা আহমদ বিন কাশেমকে দীর্ঘ আট বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এ ছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অসংখ্য মানুষকে বিনা অপরাধে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই ২০২৪ সালে দেশে অভ্যুত্থান হয়েছে।

তিনি আরও বলেন, এত কিছু করার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তাদের বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকার ভারতকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিলেও সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ করতে পারেনি। একই সঙ্গে তিনি দেশে মাদকের বিস্তারের জন্যও আওয়ামী লীগকে দায়ী করেন।

মতবিনিময় সভায় তজুমদ্দিনের উন্নয়ন নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তরের আশ্বাস দেন।

নিজের রাজনৈতিক ও সামরিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, লালমোহন থেকে তিনিই প্রথম সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং মেজর জিয়াউর রহমান তার প্রশিক্ষক ছিলেন। তিনি কখনো সম্পদ অর্জনের চেষ্টা করেননি বলেও দাবি করেন।

বর্তমান রাজনীতিতে দুর্নীতির সমালোচনা করে স্পিকার বলেন, অনেক সংসদ সদস্য হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলছেন। একই সঙ্গে দেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ সময় মহিলা দল, বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস