বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
জানা যায়, উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের ওই ফ্ল্যাটে হাজেরা বেগম একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বোরকা পরা ওই ব্যক্তি ভিক্ষা চাওয়ার কথা বলে বাসার দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পরই তিনি হাজেরা বেগমের ওপর হামলা চালান। এ সময় হাতুড়ির আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে তার গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে।
আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম জানান, সকালে বোরকা পরা একজন বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। মা দরজা খুলে দেওয়ার পর হঠাৎ ওই ব্যক্তির হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে মায়ের গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। ওই ব্যক্তির হাতে থাকা একটি পলি ব্যাগে সামান্য পরিমাণ চাল ছিল। এতে তাকে ভিক্ষুক হিসেবে ধারণা করা হয়েছিল।
তিনি আরও বলেন, হামলার পর মা চিৎকার করলে পাশের বাসার লোকজন ছুটে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে দ্রুত বাসায় গিয়ে মাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএম





