শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকামুখী লেনে গরুবাহী একটি ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া আরও চারটি গরু গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় থাকায় স্থানীয়রা সেগুলো জবাই করেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস