রোববার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গত ২৯ জানুয়ারি থেকে ১৬টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৩৫ প্লাটুন (প্রায় সাতশত) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েনের পর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অভিযান, ১৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় অর্ধশতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা পরিচালনা করা হয়েছে।

বিজিবি জানায়, তারা নিজস্ব অস্ত্রের পাশাপাশি ড্রোন, কে-৯ ডগ স্কোয়াড, বডি ওর্ন ক্যামেরা, বুলেটপ্রুফ জ্যাকেট, আধুনিক রায়োট কন্ট্রোল গিয়ার এবং নন-লিথ্যাল অস্ত্র ব্যবহার করে দায়িত্ব পালন করছে। দিবা-রাত্রি নিরবিচ্ছিন্ন টহলের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া বিজিবির দায়িত্ব পালনকালে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে ৩৫ জন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি সহায়তা প্রদান করছেন। বিভিন্ন রাজনৈতিক গণসমাবেশে নিরাপত্তা জোরদারে বিশেষ দল মোতায়েন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী দল বা ব্যক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য নিশ্ছিদ্র টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। প্রতিপক্ষ বাহিনীর সঙ্গে নিয়মিত সৌজন্য সাক্ষাৎ ও পতাকা বৈঠক এবং সীমান্তবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

এস