শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের বাবা টিপু সুলতান বলেন, দুপুরের দিকে কুড়িল বিশ্বরোডে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা আমার ছেলেকে ধাক্কা দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।

তিনি আরও বলেন, আমার ছেলে ঢাকা উদ্যান সরকারি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। দেড় মাস আগে আমার ছেলের বিয়ে হয়। আমি আমার বৌমাকে এখনো আমার বাসায় উঠিয়ে আনিনি। আমাদের বাসা মোহাম্মদপুর বসিলা হাউজিংয়ে। আমার দুই ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএম