রোববার (১৪জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বিজিবির সদস্যরা সীমান্তজুড়ে কড়া নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের খবর প্রকাশের পর সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। এ কারণে নিজেদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্বেচ্ছায় বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিয়েছেন।
রত্নাই সীমান্ত এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, সীমান্ত দিয়ে যেন কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। বিজিবির সদস্যদের সঙ্গে বিভিন্ন পয়েন্টে নজরদারি করছি। দেশের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও এভাবে পাহারা দেব।
আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমরা চাই সীমান্ত সবসময় নিরাপদ থাকুক। কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা যেন না ঘটে, সেজন্য গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে পাহারায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান সাংবাদিকদের জানান, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে।
এমএম`