চাঁদপুর শহরের একটি জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠানের মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠাসহ একাধিক অনিয়ম পাওয়ায় অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে এলপিজি সিলিন্ডার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের প্রেস ক্লাব রোডে অবস্থিত জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’-এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় মিষ্টির শিরার মধ্যে তেলাপোকার বিষ্ঠা, খাদ্যদ্রব্যের সঙ্গে সিগারেট সংরক্ষণ এবং প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে শহরের ওয়াপদা গেট এলাকার মেসার্স অয়ন এন্টারপ্রাইজে বিস্ফোরক অধিদপ্তরের বৈধ লাইসেন্স ছাড়া প্রায় ১ হাজার ২০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্সে উল্লেখিত ঠিকানার বাইরে ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে।
এমএম