রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর-রমজানবেগ এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নারীর মরদেহটির হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সদস্যরা কাজ করছেন।
তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এস