রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির মাধবখালী বিওপির টহলদলের নজরে পড়েন তারা। এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ওই তিন ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।
পরবর্তীতে সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। এরপর সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় তৎপরতার ফলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এনএইচ
















