পথসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সভাস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যদের। শহরের বিভিন্ন সড়কে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

রাজবাড়ী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে এই পথসভা অনুষ্ঠিত হবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তিনি বলেন, প্রোগ্রাম সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বলেন, আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও আমরা থেমে থাকিনি। মাসব্যাপী এই জুলাই পদযাত্রা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলছে। আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে পথসভা রয়েছে।

তিনি বলেন, আমাদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে এবং জেলার বিভিন্ন রাজনৈতিক দলও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

পথসভা ঘিরে রাজবাড়ী এখন রাজনৈতিকভাবে বেশ সরগরম। প্রশাসন ও আয়োজক—দুই পক্ষই চাইছে, শান্তিপূর্ণ ও সফল হোক এনসিপির এই কর্মসূচি।

এনএইচ