প্রো লিগে গতকাল (শুক্রবার) আল ফয়সালির বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তার দল আল নাসরও ৩-১ গোলে জিতেছে। ৪৯ মিনিটে রোনালদো স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিকে আসা বলে হেড দিয়ে গোল করেন। যা তার পেশাদার ক্যারিয়ারে ৯৮২ গোল হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু আসলেই গোলটি তার কি না জোরালো হয়ে উঠেছে সেই প্রশ্ন।

৪১ বছর বয়সী রোনালদো ফেলিক্সের ফ্রি-কিকের পর বলে মাথা ছোঁয়াতে বেশ উঁচুতে উঠে লাফিয়ে হেড দেন। কিন্তু বলটিতে তার মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে যে জালে ঢুকেছে সেটি ভিডিওতে নিশ্চিত। গোলের পর রোনালদো তার স্বভাবসুলভ ভঙ্গিতে দৌড়ে গিয়ে সি-ইউ উদযাপন করেছেন।

মূলত ফুটবলের পরিসংখ্যান-বিষয়ক বিশ্বস্ত প্রতিষ্ঠান অপ্টা’র দাবি, এটি ফয়সালির ডিফেন্ডার জিরোত্তোর আত্মঘাতী গোল। তার নামেই গোলটি তারা নথিভুক্ত করেছে। তবে সৌদি প্রো লিগ আনুষ্ঠানিকভাবে রোনালদোর গোল হিসেবে বিবেচনা করছে সেটিকে। কিন্তু অপ্টা’র ভিন্ন হিসাবের পর সিআরসেভেনের গোলের সংখ্যা নিয়ে বিতর্ক থেকে যাচ্ছে। ৯৮২তম গোলটি হলে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে আর ১৮ বার বল জালে জড়াতে হবে আল নাসর তারকাকে।

এদিকে, রোনালদোর আলোচিত গোলের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভক্তদের কেউ কেউ জিরোত্তোর গায়ে লাগার আগমুহূর্তে রোনালদোর মাথায় মৃদুভাবে ছুঁঁয়ে যাওয়ার যুক্তি দিচ্ছেন। তাদের মতে, ফয়সালি ডিফেন্ডারের পরবর্তী স্পর্শ কেবল বলের দিক পাল্টে দিয়েছে!

এমএম