মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক শাফিউর রহমান ফারাবীর ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ।

এ মামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে মঙ্গলবার ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবিপুলিশ। দুপুর ৩টায় রিমান্ড শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে র্যা ব-১০ সদস্যরা ফারাবীকে আটক করেন। ওই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ফারাবীকে হস্তান্তর করা হয়। পরে ফারাবীকে শাহবাগ থানায় দায়ের করা অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে আনা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ব্লগার অভিজিৎ রায়কে (৩৮)। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও (৩০) কুপিয়ে গুরুতর জখম করা হয় । গুরুতর আহত বন্যা চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডের পরদিন শাহবাগ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।

ইআর