রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা গাড়ি ভাঙচুরের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ চার মাস বৃদ্ধি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। ফখরুলের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
এর আগে ২০১২ সালের ৮ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, ‘অবরোধে কেউ বাড়ি থেকে গাড়ি বের করবেন না।’
তার ওই বক্তব্যকে হুমকিস্বরুপ উল্লেখ করে ৯ ডিসেম্বর কলাবাগানসহ দেশের বিভিন্ন থানায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়।কলাবাগান থানায় দায়ের হওয়া মামলায় ২০১৩ সালের ৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, একই ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্ট থেকে দুইবার জামিন নেন। তার বিরুদ্ধে কলাবাগান থানায় দায়ের হওয়া মামলায় জামিনের মেয়াদ চার মাস বৃদ্ধি করলেন হাইকোর্ট।
ঢাকা,কেএ,৪ আগষ্ট,টাইমনিউজবিডি.কম





