পুলিশের কাজে বাধা দেয়া ও বিস্ফোরক আইনে রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ দিন ধার্য করেন।
এর আগে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে আদালতে হাজির হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৮ আসামি। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত না থাকায় বিএনপির আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করে পুলিশ। ২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





