চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক কর্মকর্তা, তার স্ত্রী, পুত্র ও জামাতার বিরুদ্ধে দুই মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সূত্র জানায়, ২ কোটি ২৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দুটির চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়। ২০১১ সালের ১১ মে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দুটি (মামলা নং-২২ ও ২৩) দায়ের করা হয়।

প্রথম মামলায় (মামলা নং-২২) চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক এপ্রেইজার মোঃ  হাতেম আলী ও তার পুত্র রেজাউল হকের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।

সূত্রমতে, হাতেম আলী ৭৫ হাজার টাকা মূল্যের যে শেয়ার কিনেছেন তার কোনো বৈধ উৎস নেই। পুত্র রেজাউলকে এ অবৈধ সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে আয়কর নথিতে হাতেম আলী ‘নাবালক পুত্র’ বলে উল্লেখ করেন।

দ্বিতীয় মামলায় (মামলা নং-২৩) মোঃ হাতেম আলী, তার স্ত্রী রাফেজা খানম ও জামাতা মোঃ  দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া  হয়েছে।

এ মামলায়  দেড়  কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আসামি হাতেম আলীর বিরুদ্ধে। একই সঙ্গে অবৈধ সম্পদের বৈধতা দিতে সহায়তা করায় অপর দুজনকে আসামি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারায় ওই মামলা দুটির চার্জশিট দাখিলের অনুমোদন  দেয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক মোঃ মোনায়েম হোসেন মামলা দুটির তদন্ত করেন।

একে/এসএইচ