বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে জামিন দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালতে মঙ্গলবার মির্জা ফখরুলের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।’ ২ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন তিনি।
এদিকে মির্জা ফখরুল ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি।’
এ সব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের মান ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে- এমন অভিযোগে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে মানহানির মামলাটি দায়ের করেন।
২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এমকে





