বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ জুন দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন।

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলায় আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।

কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এআর