রাজধানীর তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান’সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ (সোমবার) মামলাটির আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র এমনটাই নিশ্চিত করে জানিয়েছে।
মামলার অন্য দুই আসামি হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও বিশেষ প্রতিনিধি কণক সরওয়ার।
এছাড়া, মামলার অপর আসামি চ্যানেলটির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম সোমবার আদালতে হাজির ছিলেন।
এর আগে এ মামলায় গত ২৩ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে একই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। পরদিন রাতে কারওয়ানবাজারের ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এমবি





