নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের তিনটি চাঁদাবাজি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নূর হোসেনের বিরুদ্ধে এ তিনটি মামলার মধ্যে দুটি মামলার বিচার কাজ জেলা দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
সাত খুন মামলার সোমবার চার্জ গঠনের কথা রয়েছে। এদিকে এ মামলার প্রধান আসামি নূর হোসেন, প্রাক্তন তিন র্যাব কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানি চলছিল।
সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে প্রথমে নূর হোসেনকে হাজির করা হয়। এ সময় নূর হোসেনের আইনজীবীরা তিনটি চাঁদাবাজি মামলায় জামিন চাইলে আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে দুইটি মামলা বিচারের জন্য জেলা ও দায়রা জজকোর্ট আদালতে প্রেরন করে। পরে সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রধান আসামি নূর হোসেন, র্যাবের প্রাক্তন তিন র্যাব কর্মকতাসহ ২৩ আসামিকে হাজির করে মামলার শুনানি শুরু হয়। সাত খুন মামলার আজ সোমবার চার্জ গঠনের দিন ধার্য রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন। প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এমএম





