প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম আতাউল হক বৃহস্পতিবার অভিযোগ গঠন শুনানির জন্য দিনটি ধার্য করেন।
আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৬ জন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ছয়জন আদালতে না আসায় এবং মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় থাকায় আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
অপরদিকে এ মামলায় জামায়াত নেতা মকবুল হোসেনসহ চারজন পলাতক রয়েছেন।
জানা গেছে, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল অবরোধ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। ২৫ মে ২০১৪ তারিখে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





