রাজনৈতিক নেতাদের নিখোঁজের ঘটনা একটির সঙ্গে অন্যটির লিংক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী।
রোববার সকালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। প্রায় একই কায়দায় ২০১২ সালে নিখোঁজ হয়েছিলেন দলটির আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী।
সালাহ উদ্দিনকে উত্তরার একটি বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
তবে ইলিয়াস আলীকে তার বাড়ির কাছে সড়কে গাড়ি থামিয়ে তুলে নেয়ার ঘটনা ঘটেছিলো। এরপর থেকে ইলিয়াস আলীর আর সন্ধান পাওয়া যায়নি।
তারও আগে ঢাকার একটি ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে একই কায়দায় তুলে নেয়া হয়েছিলো তার বাড়ি থেকে। এখন পর্যন্ত তারও কোন খোঁজ পাওয়া যায়নি।
ইলিয়াস আলী নিখোঁজের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছিলেন তাহসিনা রুশদী।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী মনে করেন এগুলো সবই একই সূত্রে গাঁথা।
তিনি বলেন, “এগুলো একটি আরেকটির সঙ্গে লিংক আছে। একটির সাথে আরেকটির যোগাযোগ আছে অবশ্যই।”
এসএইচ





