আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে মার্কেন্টাইল ব্যাংকের ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন টিম। সকাল থেকে পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই ৭ কর্মকর্তা হলেন—মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আশীষ কুমার লস্কর, ইভিপি শোয়েব আহমেদ, এসভিপি ফয়সাল আহসান চৌধুরী, এফভিপি কে এম আনোয়ারুল ইসলাম, এসইভিপি মোহাম্মদ ইসমাইল, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট শাখার ম্যানেজার মাহমুদ আলম চৌধুরী ও একই শাখার প্রিন্সিপাল অফিসার মারুফ উদ্দীন কামাল।
জানা যায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড এ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। পরবর্তী সময়ে কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।
একে/ কেএইচ





