বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের দিন পিছিয়ে আগামী ২৬ আগস্ট ধার্য করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সংশোধিত ভোটার তালিকা ৩০ জুলাই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


বার কাউন্সিলের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়ে আদালতে আবেদন জানান।

এর আগে গত ২৮ মে ভোটার তালিকা সংশোধন করে আগামী ১৩ আগস্ট বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

গত ২৭ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

একইসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল সংশোধনী আইন, ২০০৩ এর ৩ নম্বর ধারাকে কেন অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। এছাড়া ২০১৫ সালের বার কাউন্সিল নির্বাচনের তফসিল কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম প্রার্থী হয়েছেন।

অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, কাউন্সিলের বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এ এম মাহবুব উদ্দিন খোকন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

এআই/