যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আগামীকাল দেয়া হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় এ মামলাটি রায়ের জন্য ১ নম্বরে রাখা হয়েছে।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে গত ১০ জুলাই এ আপিল মামলা রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল। এই আপিল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মো. নুরুজ্জামান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি দশম মামলা।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনালে আজহারের মৃত্যুদণ্ডের রায় আসে ২০১৪ সালে। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের এক মাসের মধ্যে খালাস চেয়ে আপিল করেন তিনি। এরপর ২০১৭ সালের ১৩ অগাস্ট এক আদেশে আপিল বিভাগ আসামিপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়।
ওই বছর ১০ অক্টেবর আপিলের ওপর শুনানি শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে তা পেছানো হয়। পরে গত ১৮ জুন সর্বোচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু হয়।
আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলের আবেদন শেষে গণমাধ্যেমকে জানান, 'এটিএম আজহারের খালাস চেয়ে আপিল করেছি আমরা। আপিল আবেদনে তার খালাসের পক্ষে ১১৩টি যুক্তি উপস্থাপন করা হয়েছে। ৭টি খণ্ডে ২ হাজার ৩৪০ পৃষ্ঠার আবেদনের মধ্যে ৯০ পৃষ্ঠায় আপিল বিষয়ে যুক্তি উপস্থাপন করা হয়েছে।'
যুক্তি উপস্থাপন শেষে ১০ জুলাই আপিল মামলাটি রায়ের পর্যায়ে আসে।
জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, রাষ্ট্রপক্ষ বলেছে দিল্লী চুক্তির মাধ্যমে ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে পাকিস্তানী বিচার করবে এই শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। এটা সঠিক নয়, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে যে দিল্লী চুক্তি হয় যেখানে স্পষ্টভাবে ক্ষমা করা হয়েছে বলা হয়। সেখানে বিচারের কোনো প্রভিশন রাখা হয়নি।
শুনানিতে তিনি বলেন, চিহ্নিত ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়ে ৪৩ বছর পর মানবতাবিরোধী অপরাধের নাম দিয়ে আপিলকারীর যে বিচার করা হচ্ছে সেটা অনৈতিক ও রাজনৈতিক প্রতিহিংসা প্রণোদিত। তিনি আরো বলেছিলেন, এটিএম আজহার এলাকায় ২০১০ সাল পর্যন্ত জামাতের একজন নেতৃস্থানীয় নেতা হিসেবে প্রকাশ পেয়েছেন। তার পূর্বে মামলার ঘটনা দূরের কথা তার বিরেুদ্ধে কোনো অভিযোগ কখনো উত্থাপন করা হয়নি। এ মামলায় সরকার পরিকল্পিতভাবে সাক্ষীদের সেফহোমে রেখে আপিলকারীর বিরুদ্ধে অবাস্তব সাক্ষ্য দিয়েছে।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, বিশেষ করে তার এলাকায় তৎকালীন সময়ে জামায়াত ও মুসলিম লীগের নেতা ছিলেন এবং তারা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তাদের সবাইকে বাদ দিয়ে আজহার সাহেবকে আসামী করা হয়েছে। এর স্বপক্ষে ১৩ বছরের বালকসহ অবাস্তব সাক্ষী প্রমাণ দেয়া হয়েছে। আপিল কারীর পক্ষে আমরা বলেছি, মামলার বর্ণিত ঘটনা আপিলকারী স্বীকার করেন। বর্বর পাকিস্তান আর্মি এসব ঘটনা ঘটিয়েছে। উদ্দেশ্য মূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই ঘটনার সময় আপিলকারী উপস্থিত ছিলেন বলে বলা হয়েছে।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেছিলেন, ঘটনার সময় আপিলকারী ১৮ বছরের একজন বালক ছিলেন। ১৯৫জন চিহ্নিত পাকিস্তানী যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়ে আজহারের মতো ১৮ বছরের একজন বালকের বিচার কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, আমি শুনানিতে বলেছি ট্রাইব্যুনাল বিচার-বিশ্লেষণ করেই মৃত্যুদ-ের রায় দিয়েছিলেন। তাই ট্রাইব্যুনালের সে সাজায় হস্তক্ষেপের কোনো কারণ নেই। আমি আশা করি ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়টিই আপিল বিভাগ বহাল রাখবেন।
ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।
১৯৯১ সালে তিনি ঢাকা মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পান। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে যাওয়ার পর আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ২২শে আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আজহার ওই পদে ছিলেন।
২০১২ সালের ১৫ এপ্রিল এটিএম আজহারের যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলী। ওইবছর ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এএইচ





