সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সাড়ে ৩’শ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খান’সহ ১৩ আসামিকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। এই জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

মোরশেদ খান ও তার স্ত্রীর আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক, আরশেদ রউফ ও বাহার উদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২৮ জুন মামলাটি করে দুদক। মামলায় এম মোরশেদ খান ও সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহবুব চৌধুরী’সহ এবি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।

মামলার পর গত ১ জুলাই বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেফতার করে দুদক। পরদিন ২ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে জামিন দেন মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত।

এমবি