ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার রসরাজ দাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রসরাজের উপস্থিতিতে সোমবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেন শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।
রসরাজের আইনজীবী অ্যাড. নাসির মিয়া জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বিদায়ী বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)।
৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন।
এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের উপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য্য করেন।
এমএনজে





