আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টে মাহমুদুরকে দেয়া জামিন বহাল রাখেন।
মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভীর এ তথ্য জানান।
আমার দেশ পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিমের (সম্প্রতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত) স্কাইপ কথোপকথন প্রকাশ করায় বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এই মামলা হয়।
মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিশিষ্ট সমাজচিন্তক ফরহাদ মজহার জানিয়েছেন, সব মামলায় জামিন পাওয়ার পরও সরকার মাহমুদুর রহমানকে মুক্তি দিচ্ছে না, যিনি তিন বছরের বেশি সময় যাবত কারাবন্দি রয়েছেন।
মাহমুদুরের মুক্তির জন্য তিনি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন।
এমই





