আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে হাইকোর্টের তলবে হাজির হয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদসহ তিন পুলিশ কর্মকর্তা। বুধবার সকালে তারা হাজির হন।
কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। বর্তমানে ওই তিন পুলিশ কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অবস্থান করছেন।
অন্য দু’জন হলেন লালবাগ জোনের ডিসি ও লালবাগ থানার ওসি। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গত ১ সেপ্টেম্বর তলব করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রাজধানীর আজিমপুর কবরস্থানের সীমানা প্রাচীর নির্ধারণ না করায় এ তিন পুলিশ কর্মকর্তাকে বুধবার সশরীরে আদালতে হাজির হতে বলেন আদালত।
আদালত অবমাননার এক আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন হাইকোর্ট। আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আজিমপুর করবস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ না করায় এ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়েছে।
ঢাকার আজিমপুর কবরস্থানে জাকির হোসেন নামের এক ব্যক্তির বাবার কবর ও আগের সীমানা প্রাচীর ভেঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাস্তা তৈরি করেছিলো। এর বৈধতা চ্যালেঞ্জ করে জাকির হোসেন হাইকোর্টে রিট করেন। রিটের প্রেক্ষিতে আদালত সীমানা নির্ধারণের নির্দেশ দেন। কিন্তু আদালতের এ আদেশ না মানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।
পরে আদালত সীমানা প্রাচীর পুনর্নির্মাণে প্রয়োজনীয় সংখ্যক জনবল দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন। ওই আদেশ ডিএমপি কমিশনার বাস্তবায়ন না করায় এ আদেশ দেন আদালত।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





