জননন্দিত সাহসী লেখক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১০ দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

এ জন্য তাকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার ঘটনায় করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই মামলায় মিল্টন নামে চট্টগ্রামের একজন ব্যবসায়ীকেও খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার ঘটনায় দায়ের মামলার তদন্তে মাহমুদুর রহমানেরও সম্পৃক্ততা পাওয়া গেছে।

এর আগে ওই মামলায় গত শনিবার সকালে বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি।

ডিবির ওই কর্মকর্তা জানান, জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে থাকা জাসাস নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে মাহমুদুর রহমানের যোগাযোগের তথ্য মিলেছে।

তিনি জানান, পাশাপাশি চট্টগ্রামে মিল্টন নামে এক ব্যবসায়ীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি পরিকল্পনা বাস্তবায়নে অর্থ সরবরাহ করেছিলেন। ধনাঢ্য ওই ব্যবসায়ী বেশির ভাগ সময়ে যুক্তরাষ্টে অবস্থান করেন।

 

এইচ ই