মহাজোট সরকারের প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি ও আব্দুর রহমান বদি এমপি’র বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের মামলার তদন্ত শুরু করেছে দুদক।
আজ সোমবার সাবেক ওই ২ প্রতিমন্ত্রী ও এমপি’র অবৈধ সম্পদের ৩ মামলায় ৩ তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর মামলা তদন্তের দায়িত্ব পাবার সঙ্গে সঙ্গে দুদক কর্মকর্তা কার্যক্রম শুরু করেন বলে জানা যায়।
এদিকে গত ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের পৃথক ৩ টি মামলা দায়ের করেন দুদকের ৩ অনুসন্ধানী কর্মকর্তা।
আেজ দুদকের নিয়মিত সভায় ওই মামলার বাদীদেরকেই পুনরায় মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। ফলে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মামলা তদন্ত করবেন উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন। আব্দুর রহমান বদি এমপির মামলা তদন্ত করবেন উপ-পরিচালক আব্দুস সোবহান।
তবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের মামলা তদন্ত করবেন উপ-পরিচালক মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারি। কারণ এ মামলার বাদী উপ-পরিচালক মোঃ খায়রুল হুদা রাজশাহীতে বদলি হয়ে যাওয়ায় এ মামলাটি মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে তদন্ত কর্মকর্তার নিয়োগে করা হয়।
মামলার আরজিতে বলা হয়েছে, মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার ২৬২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
মাহবুবুর রহমানের বিরুদ্ধে ৫ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
আব্দুর রহমান বদির বিরুদ্ধে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকার জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ঢাকা,১ সেপ্টম্বর,টাইমনিউজবিডি.কম,একে





