রিভিউ আবেদন খারিজ করে দিয়ে দুর্নীতি মামলায় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৩ বছরের সাজা বহাল রেখেছে আপিল বিভাগ।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালতে মায়াকে ১৩ বছর কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা এবং তার প্রায় ছয় কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।

তবে ২০১০ সালের ২৭ অক্টোবর আওয়ামী লীগের এ নেতার ১৩ বছরের কারাদণ্ড বাতিল করেছিল হাইকোর্ট।

হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে আজ রবিবার খারিজ করে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

আদালতে মায়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত বছরের ১৪ জুন দুদকের দায়ের করা দুর্নীতির ওই মামলায় মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ। একইসঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানিরও নির্দেশ দেওয়া হয়।

 ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

ইআর