বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানার নাশকতার তিন মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আদেশের জন্য ৮ জুলাই ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ (রোববার) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

এর আগে ০২ জুলাই আপিল বিভাগ ফখরুলের জামিন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য রোববার (আজ) দিন ধার্য করেন।

গত ২৯ জুন চেম্বার বিচারপতির আদালতে মির্জা ফখরুলের জামিন স্থগিতের আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ পল্টন থানার এই ৩ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন।

নাশকতার অভিযোগে জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় এ তিনটি মামলা দায়ের করে পুলিশ।

এদিকে গত ২৮ জুন পল্টনের দুটি এবং মতিঝিলের এক মামলায় ফখরুলের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে এসব মামলা দায়ের করা হয়।