ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

ক্যাসিনো ও জুয়ার আসর চলার অভিযোগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে এই অভিযান শুরু করে র‌্যাব-২।

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

জানা গেছে, পুরো এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়া আসর চলছে। এই খবর পেয়েই সেখানে অভিযান চালানো হচ্ছে। 

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতনে যুবলীগের নেতা জি.কে শামীমের অফিসে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব। এছাড়া নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) চেক ও ১০০ কোটি টাকার চেক উদ্ধার করা হয়। আর শামীমকে তার ৭ দেহরক্ষীসহ আটক করা হয়।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে তার পরিচালিত অবৈধ ক্যাসিনোতেও অভিযান চালানো হয়।

ওই ক্যাসিনোর ভেতর থেকে তরুণীসহ ১৪২ জনকে আটক করা হয়। নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ইয়াবা, মদ, বিয়ার জব্দ করা হয়।

এমবি