দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই দিন ঠিক করেন।

ব্যারিস্টার মওদুদ আহমেদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা জানান, সোমবার মামলাটিতে অধিকতর চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলাটির অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময় আবেদন করা হয়।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেন। তবে এদিন আদালতে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আল নোমানসহ কয়েকজন নেতা-কর্মী।

মামলাটির অপর আসামিরা হলেন- আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, সোহেল, মীর শরাফাত আলী সফু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আব্দুল আলীম, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, এস এম জাহাঙ্গীর, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন ও আবুল মনসুর খান দীপন।

২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগস্থ বাটা সু স্টোরের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে চার্জশিট দাখিল করেন।

এমকে