কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ৬ জনকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
এর আগে সকালে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কর ফাঁকির মামলায় সাজা বাতিলের বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করেন আপিল বিভাগ।
আদালত সূত্রে জানা যায়, ৮ কোটি ৪৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ এনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সোবহানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে।
এর পর শুনানি শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালত তাদের ৮ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ২০ জুন হাইকোর্ট তাদের খালাস দিয়ে রায় দেন।
এর পর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বাতিল করার আবেদন করে লিভ টু আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করে আদেশ দেন।
এএইচ





