অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সাভার থানার দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা জেলার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ দিন ধার্য করেন।

এ মামলায় আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। অনেক আসামি হাজির হতে না পারায়, আসামি পক্ষের সময়ের আবেদনের পর আদালত পরবর্তী দিন ধার্য করেন।

জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর সাভার থানার আমিনবাজারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক ‍শিকদার দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেন।

সাভার থানার এসআই মনিরুজ্জামান ২০১২ সালের ২৫ ডিসেম্বর বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ ৬৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরো জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর সাভার থানার আমিন বাজার এলাকায় তেঁতুলঝরা কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনৈক আব্দুল জলিল সভার থানায় মামলা করেন।

সাভার থানার এসআই সাজ্জাত রোমান ২০১২ সালের ২৩ ডিসেম্বর আমানউল্লাহ আমান, বিএনপির নেতা দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গত ১৩ নভেম্বর ঢাকা জেলার দ্রুতবিচার ট্রাইব্যুনাল দুই মামলায় অভিযোগ গঠন করেন।

ইআর