কুষ্টিয়ায় সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের প্রস্তুতিকালে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

পরে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দিবাগত রাত ২টার দিকে তাদের এ কারাদণ্ডাদেশ দেয়া হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- লাবু গ্রুপের লাবু শাখাওয়াতি (৪৫), মোরাদ শাখাওয়াতি (২৫), মাসুদ শাখাওয়াতি (৩২), রহিম শাখাওয়াতি (৪৫), জাহিদুল ইসলাম (২২), মিশু (৪২), হাসিবুল (২৮)।

এছাড়া মন্ডল গ্রুপের এনামুল হক (২৮), রাশিদুল ইসলাম (২৬), ইব্রাহিম হোসেন (৩০), উকিল (৩০), রকিব হোসেন (৩০) আব্দুর রশিদ (২৫), আব্দুল লতিফ (৩৮), বাদশা মিয়া (৪০), ওমর (৫৭) ও শামসুল (৩৫)।

কুষ্টিয়ার মডেল থানার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ভবানিপুর গ্রামের লাবু ও রেজা মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই গ্রুপ সংঘর্ষের প্রস্তুতি নেয়।

মডেল থানা পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৮ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি, ১টি করাত, ১টি ঢাল, ৬টি সড়কি ও ১০ লাঠি উদ্ধার করা হয়।

পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা বেগম প্রত্যেকের তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

ঢাকা, ৮ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর