জাহাজ রফতানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে মার্কেন্টাইল ব্যাংকের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর সোমবার (২২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছেন সংস্থাটির উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আশীষ কুমার লস্কর, ইভিপি শোয়েব আহমেদ, এসভিপি ফয়সাল আহসান চৌধুরী, এফভিপি কে এম আনোয়ারুল ইসলাম, এসইভিপি মোহাম্মদ ইসমাইল, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট শাখার ম্যানেজার মাহমুদ আলম চৌধুরী এবং একই শাখার প্রিন্সিপাল অফিসার মারুফ উদ্দীন কামাল।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা গেছে, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ ঋণ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
ইআর





